একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে
- Update Time : 08:29:28 am, Tuesday, 3 November 2026
- / 9 Time View
বিশেষ মহল ও একটি রাজনৈতিক দল পোশাক শ্রমিকদের আন্দোলনে ঢুকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা কেন রয়েছেন সেই প্রশ্নও তোলেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
রাজধানীর মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘যারা এসব কাজ করছে, তাদের চিহ্নিত করা হয়েছে।
তাদের অনেকেই রাজনৈতিক দলের পদধারী নেতা। তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।’
শফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক ইস্যু তৈরি করবে, তা হবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডিসেম্বরে আপাকে (শেখ হাসিনা) নিয়ে আসার চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে—তাদের আইনের আওতায় আনা হবে।
কোনো ধরনের অরাজকতা করতে আমরা দেব না।’
পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) আকতার হোসেন এক বার্তায় এ তথ্য জানান।




