বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, ব্যক্তিগত তথ্য ও অর্থ লেনদেনে সতর্কবার্তা
- Update Time : 11:50:35 am, Saturday, 31 October 2026
- / 6 Time View
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে ভুয়া গুগল ফরম তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। এ ধরনের কোনো ফরম বা কার্যক্রমের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা নেই জানিয়ে জনসাধারণকে সতর্ক করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ ধরনের কোনো ফরম বিমান কর্তৃপক্ষ তৈরি বা অনুমোদন করেনি। ফলে ওই ফরম কিংবা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের দায়ভার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমানের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা। এ ছাড়া নিয়োগসংক্রান্ত সব তথ্য ও বিজ্ঞপ্তি সংস্থাটির অনুমোদিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এ পরিস্থিতিতে বিমানের নামে প্রচারিত অননুমোদিত কোনো গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য না দেওয়া এবং এ ধরনের কোনো মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনুমোদিত ওয়েবসাইট এবং টেলিটকের নির্ধারিত নিয়োগ পোর্টাল থেকে যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।









