ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী প্রচারণা শেষ
- Update Time : 09:09:18 am, Tuesday, 27 October 2026
- / 3 Time View
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রচারণার সময় শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনের ভোটগ্রহণ শুরু হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ করতে হয়। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। সে অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৮টায় প্রচারের সময় শেষ হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এখন কেউ প্রচার চালালে বিধি লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২৫ অক্টোবর থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এই আসনের তিনটি উপজেলা, ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত এলাকায় তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থীরা হলেন-মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।









