এসএসসিতে ২ বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
- Update Time : 11:22:34 am, Tuesday, 13 October 2026
- / 5 Time View
এসএসসিতে সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে ব্যর্থতার এই ধারা দীর্ঘ না করে এই শিক্ষার্থীদের কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় রূপান্তরের পরিকল্পনার কথা জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। একদম একটি জেনারেশন থেকে শুরু করতে হবে, যেন পরবর্তীতে আমাদের এই অবক্ষয় রোধ হয়। সেজন্য প্রধানমন্ত্রী এবার চতুর্থ শ্রেণি থেকে কালচার, স্পোর্টস ও নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’- এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।
ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রী বলেন, যারা পাস করেছে তারা তো করেছেই, কিন্তু আমাদের ঝরে পড়া ও ফেল করা শিক্ষার্থীদের আগে অ্যাড্রেস করতে হবে। তাদের আমরা কিভাবে রিভাইটালাইজ বা পুনরুজ্জীবিত করতে পারি, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। কারিগরি শিক্ষাই হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের এই বিশ্বায়নের যুগে, প্রযুক্তির অগ্রগতির যুগে এবং এআই যুগে সঠিক পথে নিয়ে আসার মাধ্যম।
এসএসসি পরীক্ষার নতুন পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, এসএসসিতে আমরা যেটা করব, তা হচ্ছে সর্বোচ্চ দুটি বিষয়ে যারা ফেল করবে, ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে তাদের পরীক্ষা আবার নিয়ে নেব।
ফেলের এই লিগ্যাসি আমরা বছরের পর বছর টেনে নিয়ে যাব না। ১৫ দিনের মধ্যে নেওয়া পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে তারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় থাকবে নাকি থাকবে না। সেখানে না পারলে তাদের আমরা কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নিয়ে যাব।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মোং কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।









