সাবেক এমপি ও রাষ্ট্রদূত ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী মারা গেছেন
- Update Time : 02:19:28 pm, Saturday, 10 October 2026
- / 2 Time View
কুলাউড়ার সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী (৯৭) মারা গেছেন। শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে মৌলভীবাজারের কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে জন্ম নেওয়া মুন্তাকিম চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি তিনি বাংলাদেশের গণপরিষদের সদস্য ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে সিলেট-১৩ (কুলাউড়া-বড়লেখা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
স্বাধীনতার পর জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন এই আইনজীবী ও রাজনীতিক।
তার জামাতা ও অস্ট্রেলিয়াপ্রবাসী জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে মেলবোর্নে বসবাস করছিলেন মুন্তাকিম চৌধুরী। বার্ধক্যজনিত কারণে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মেলবোর্নে তার দাফন সম্পন্ন হয়েছে।
তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।









