বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ
- Update Time : 01:07:22 pm, Wednesday, 7 October 2026
- / 4 Time View
বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, সংস্কৃতি এবং অভিবাসন ও গতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।
বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান জার্মান রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো জোরদারে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও জনচলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। একই সঙ্গে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন অংশীদারি আরো বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারা।
জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বাংলাদেশ-জার্মানি দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্য, বিনিয়োগ ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন।
বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরে জার্মান রাষ্ট্রদূত বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষই আশা প্রকাশ করে, উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের অংশীদারিকে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









