সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার
- Update Time : 08:22:05 am, Sunday, 4 October 2026
- / 23 Time View
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ ও ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এরপর ভোর সাড়ে ৫টার দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫২০ টাকা।
এ ছাড়া সকাল ৯টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর ফুটবল মাঠের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে ১ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করে বিজিবি। এর আনুমানিক সিজার মূল্য ১১ হাজার ৬৫০ টাকা।
বিজিবি জানায়, পৃথক তিনটি অভিযানে সর্বমোট প্রায় ১৫ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ রোধ এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকাগজ/আরডি










