অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
- Update Time : 04:01:45 am, Friday, 2 October 2026
- / 16 Time View
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ও দেশীয় সংস্কৃতি চর্চাকে কার্যকর হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার মাগুরার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে জেলার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উদ্যোগে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে থাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবেন এবং এ বছর পূজামণ্ডপের সংখ্যা গত বছরের তুলনায় আরো বাড়বে।
আগামী শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষকে নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, এ বছর দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ৪ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা করার ঘোষণা দিয়েছেন।
পাশাপাশি দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়ে পাঁচ দিনের ব্যবস্থা করার সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন।
বুনাগাতী ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।









