গোপালগঞ্জে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
- Update Time : 07:17:03 am, Monday, 28 September 2026
- / 9 Time View
গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৩৫ বছর) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার উরফি ইউনিয়নের বাড়াইল গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত মধুমতী নদীর শাখা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যার দিকে স্থানীয় এক রাখাল খালে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, মরদেহটি মধুমতী নদী থেকে ভেসে ওই শাখা খালে এসে থাকতে পারে।
তবে মরদেহ পচে যাওয়ার কারণে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’









