গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
- Update Time : 09:10:07 am, Sunday, 13 September 2026
- / 8 Time View
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘এখন ন্যায্যতা, জবাবদিহি ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।
আজ রবিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সব দপ্তরপ্রধানের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে চুয়াডাঙ্গায় এসে তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন।
এ ছাড়া সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘জনগণের উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, খাল খননসহ উন্নয়ন কার্যক্রম জনগণের কল্যাণেই বাস্তবায়িত হচ্ছে।’
নজরুল বর্ষ উপলক্ষে সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা ও জাতীয় সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংস্কৃতি মন্ত্রী।
জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, জেলার সকল দপ্তরের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


