প্রতিরক্ষা-জ্বালানিতে সহযোগিতা বাড়াতে মোদি-আবুধাবির ক্রাউন প্রিন্সের বৈঠক
- Update Time : 01:01:08 pm, Saturday, 12 September 2026
- / 8 Time View
ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছে। শনিবার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৈঠক করেন।
বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ, পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি বলেন, ‘গত কয়েক বছরে ভারত ও ইউএইর সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। এখন দুই দেশ এই অংশীদারিকে এগিয়ে নিতে চায়।’ তিনি আরো বলেন, ‘বিনিয়োগ, কৌশলগত জ্বালানি অবকাঠামো এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (আইএমইসি) প্রকল্পে দুই দেশের সামনে বড় সুযোগ রয়েছে।
পশ্চিম এশিয়ায় বর্তমান অনিশ্চয়তার সময়ে ভারত ও ইউএইর শক্তিশালী সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘দুই নেতা ভারত ও ইউএইর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই সম্পর্ক রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক, জ্বালানি ও জনগণের মধ্যে যোগাযোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’ বৈঠকে ওড়িশায় একটি সমন্বিত অ্যালুমিনিয়াম প্রকল্পে ইউএইর ইন্টারন্যাশনাল হোল্ডিং কম্পানির ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণাকে স্বাগত জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এটি দেশটির অ্যালুমিনিয়াম খাতে সবচেয়ে বড় সমন্বিত বিনিয়োগ হতে পারে। প্রকল্পটি ওড়িশাকে অ্যালুমিনিয়াম উৎপাদনের একটি বড় বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া দুই দেশের অর্থনৈতিক অংশীদারি বাড়াতে ইউএইর নতুন সার্বভৌম বিনিয়োগ তহবিল ‘ল’ইমাদ’-এর সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হয়। প্রতিরক্ষা, মহাকাশ, পারমাণবিক শক্তি, প্রযুক্তি ও উদ্ভাবনের মতো কৌশলগত ও নতুন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন।
ব্রিকসের ক্ষেত্রেও দুই দেশ সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।