মহেশখালীতে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা
- Update Time : 04:06:30 am, Tuesday, 8 September 2026
- / 10 Time View
কক্সবাজারের মহেশখালীতে শিল্পী শীল (৪৫) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী রবি সওদাগর জানান, তিনি বাজারে দোকান করেন। তার স্ত্রী শিল্পী শীল বাড়িতে একা ছিলেন। স্ত্রীকে ছুরিকাঘাতের খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাইপো নিকাশ শর্মা জানান, তার কাকার পরিবারের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোর চক্র এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় হিন্দু নেতা শান্তি নন্দী জানান, রবি সওদাগরের পরিবার এলাকায় শান্ত ও সামাজিক পরিবার হিসেবে পরিচিত। তাদের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। রবি ও শিল্পী দম্পতির সন্তানরা পড়াশোনার কারণে চট্টগ্রাম ও ঢাকায় থাকে। নিজ বাড়িতে তাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।