শাকিব খানের সঙ্গে অভিনয়, চার সিনেমা নিয়ে আলোচনায় অপূর্ব
- Update Time : 12:12:42 pm, Wednesday, 26 August 2026
- / 0 Time View
বিনোদন প্রতিবেদক:
জিয়াউল ফারুক অপূর্বের অভিনয়জীবনের বড় একটি অংশ কেটেছে টেলিভিশন নাটকে। দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দায় নিয়মিত কাজ করার পাশাপাশি ওটিটিতেও নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তবে চলচ্চিত্রে তার কাজের সংখ্যা খুবই কম।
অপূর্বের সঙ্গে বর্তমানে চারটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। তবে কোনোটির সঙ্গেই এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। তাই সিনেমাগুলো নিয়ে আগেভাগে কোনো ঘোষণা দিতে চাইছেন না তিনি।
এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’
শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন অপূর্ব, এমন আলোচনাও শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা শাকিব খান। তার সঙ্গে কাজের সুযোগ পেলে অবশ্যই ভালো লাগবে। সেজন্য দরকার ভালো গল্প, চরিত্র। চূড়ান্ত কিছু না হওয়া অব্দি কিছু বলা যাচ্ছে না।’
২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন অপূর্ব। এরপর বেশ কয়েক বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন তিনি। ২০২৪ সালে পশ্চিমবঙ্গের ‘চালচিত্র’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আবারও দর্শকদের সামনে আসেন।
সিনেমাটিতে তার উপস্থিতি ছিল স্বল্প সময়ের, তবে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এবার চারটি সিনেমার প্রস্তাব পাওয়ায় বড় পর্দায় অপূর্বকে নিয়মিত দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও শেষ পর্যন্ত কোন সিনেমায় তাকে দেখা যাবে, সেটি এখনো নিশ্চিত নয়।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিয়ে দেশে ফিরেছেন অপূর্ব। দেশে ফিরেই নাটকের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এর পাশাপাশি চলচ্চিত্রের প্রস্তাবগুলো নিয়েও নির্মাতা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা।














