বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন
- Update Time : 11:58:43 am, Thursday, 16 July 2026
- / 12 Time View
কুষ্টিয়া অফিস :
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ও পাটিকাবাড়ি ইউনিয়নের প্রায় ২৮৯ একর আয়তনের ঐতিহ্যবাহী নান্দিয়ার বিলের ইজারা বাতিল করে উন্মুক্ত ঘোষণার দাবি করেছেন এলাকাবাসী। গতকাল ১৬ জুলাই শতাধিক এলাকাবাসী স্বাক্ষরিত আবেদনপত্রে এ দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, এই বিলটিকে কেন্দ্র করে নান্দিয়া, হাভুলিয়া, চাঁনপুর, মাছপাড়া, ঝাউদিয়া, গোয়ালবাড়ি, সিঁদুরঘাটসহ আশপাশের সাত-আটটি গ্রামের হাজারো মানুষের জীবন-জীবিকা, মাছ আহরণ, কৃষিকাজ এবং পরিবেশগত ভারসাম্য নির্ভরশীল। সম্প্রতি নান্দিয়ার বিল পুনরায় ইজারা দেওয়ার উদ্যোগের খবরে স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইজারা কার্যক্রম চূড়ান্ত হওয়ার আগেই সেখানে মাছ অবমুক্ত করা হয়েছে। বিষয়টি স্থানীয় জনগণের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি করেছে এবং বিলটি আবারও একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া বর্তমানে দেশীয় প্রজাতির মাছ ও স্থানীয় জেলেদের আহরণ করতে দেওয়া হচ্ছে না। ফলে একদিকে প্রকৃত জেলেরা জীবিকা সংকটে পড়ছেন, অন্যদিকে বাজারে মাছের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যার বিরূপ প্রভাব সাধারণ ভোক্তাদের ওপর পড়ছে। ৫ আগস্ট ২০২৪-এর পর প্রায় দুই বছর নান্দিয়ার বিল সকলের জন্য উন্মুক্ত ছিল, ফলে স্থানীয় জনগণ ও প্রকৃত জেলেরা সমানভাবে এর সুফল ভোগ করতে পেরেছিলেন।
উল্লেখ্য, সরকার ইতোমধ্যে দেশের উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে জনবান্ধব ব্যবস্থাপনার বিষয়ে ইতিবাচক নীতিগত অবস্থান গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি, সরকারের এই জনকল্যাণমূলক নীতির আলোকে নান্দিয়ার বিলও সকলের জন্য উন্মুক্ত রাখা উচিত, যাতে স্থানীয় জনগণ তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারেন এবং বিলের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।
কুষ্টিয়া সদর উপজেলার সর্বস্তরের সচেতন জনগণের পক্ষে ঝাউদিয়া, পাটিকাবাড়ি ও আশপাশের ইউনিয়নের জেলে ও সাধারণ মানুষের এ আবেদনে বলা হয়েছে, নান্দিয়ার বিল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পদ নয়; এটি হাজারো মানুষের জীবিকা, ঐতিহ্য এবং প্রাকৃতিক সম্পদের অবিচ্ছেদ্য অংশ। তাই জনস্বার্থে বিলটি ইজারামুক্ত রেখে সকলের জন্য উন্মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সদয় ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


















