ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬
উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি, লিসা ও নোরা ফাতেহিদের সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়
- Update Time : 04:39:03 pm, Sunday, 10 May 2026
- / 23 Time View
আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে এবার ভিন্নধর্মী এক আয়োজন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরে স্বাগতিক তিন দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদা তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্বখ্যাত সংগীত তারকা কেটি পেরি, মাইকেল বুবলে, বলিউড সেনসেশন নোরা ফাতেহি এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়সহ আরও অনেক শিল্পী পারফর্ম করবেন বলে নিশ্চিত করেছে ফিফা।প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে। সেখানে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের আগে মঞ্চে দ্যুতি ছড়াবেন কলাম্বিয়ান রেগেটন তারকা জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা।এরপরের দিন ১২ জুন কানাডার টরন্টোতে স্বাগতিক দেশের মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচের আগে পারফর্ম করবেন কানাডিয়ান তারকা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। এছাড়া ফিফা বিশ্বকাপের গত আসরেও নজর কাড়া নোরা ফাতেহি এবারও মঞ্চ মাতাবেন বলে জানা গেছে।একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন পপ আইকন কেটি পেরি,টাইলা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্ক-এর সদস্য লিসা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ হলো বিশ্ববাসীর একটি অভিন্ন মুহূর্ত। মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসের এই অনুষ্ঠানগুলো সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে এক বৈশ্বিক উদযাপনের সূচনা করবে।এদিকে চলতি সপ্তাহের শুরুতেই কলম্বিয়ান পপ কুইন শাকিরা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং-এর একটি ঝলক ভক্তদের দেখিয়েছেন। নাইজেরিয়ান গায়ক বার্না বয়-এর সাথে শাকিরার এই গানটি চলতি আসরের মূল সুর হিসেবে কাজ করবে। মোট ১০৪টি ম্যাচের এই বিশাল মহাযজ্ঞ ঘিরে বিশ্বজুড়ে এখন টানটান উত্তেজনা।
এসকাগজ/আরডি
















