শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ শুরু
- Update Time : 04:09:41 am, Thursday, 9 April 2026
- / 65 Time View
ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বাভাবিক উপস্থিতি চোখে পড়ছে।বুধবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। পরিস্থিতি সন্তোষজনক। জাতীয় পর্যায়ের নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তা বজায় রাখতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করছি।গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। একই দিনে গণভোটও হয়। তপশিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করেছিল ইসি। অন্যদিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-২ দুটি আসনে নির্বাচিত হন। আইন অনুযায়ী তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে ইসি। পরে আজ একই দিনে দুই আসনের ভোট গ্রহণের তারিখ রেখে তপশিল ঘোষণা করে সংস্থাটি। গণভোটে ‘হ্যাঁ’ আগেই জয়যুক্ত হওয়ায় এখন আসন দুটিতে আর গণভোট হবে না।শেরপুর-৩ আসনে প্রার্থী তিনজনশেরপুর-৩ আসনের নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের (মার্কসবাদী) মিজানুর রহমান।এই নির্বাচনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে চার লাখ ৯ হাজার ৮০৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটকেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় বিভিন্ন বাহিনীর ১৮ থেকে ২০ জন নিরাপত্তা সদস্য থাকছেন। নির্বাহী ও বিচারিক হাকিম রয়েছেন ৩৬ জন। ইসির নিজস্ব পর্যবেক্ষক মোতায়েন থাকছেন ১৮ জন করে।বগুড়া-৬ আসনে প্রার্থী চারজনএই আসনের উপনির্বাচনেও প্রার্থী রয়েছেন চারজন। তারা হলেন– বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল-আমিন তালুকদার এবং স্বতন্ত্র থেকে আমিনুল ইসলাম। মোট ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে চার লাখ ৫০ হাজার ৩০৯ ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০ জন, বিজিবি ৮ প্লাটুন (১৮৯ জন), র্যাবের ১০ টিম (৭০ জন), পুলিশের এক হাজার ৩২৭ ও আনসার ভিডিপির এক হাজার ৯৯০ সদস্য নিয়োজিত করা হয়েছে।পোস্টাল ব্যালটের ভোটার ৭,৩০৯ জন ইসি সূত্র জানায়, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী ও দেশের মধ্যে মোট সাত হাজার ৩০৯ জন। বগুড়া-৬ আসনে প্রবাসী এক হাজার ২৮১ জন ও দেশের ভেতর দুই হাজার ৪৫৫ জনকে ব্যালট পাঠানো হয়েছে। শেরপুর-৩ আসনে প্রবাসী ৩৮৩ জন এবং দেশের ভেতরে তিন হাজার ১৯০ জনকে পোস্টাল ব্যালট পাঠানো হয়। বগুড়া-৬ আসনে ভোট দিয়ে ব্যালট পাঠিয়েছেন তিনজন প্রবাসী ও ৬১৬ জন দেশের ভেতরের ভোটার। শেরপুর-৩ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রবাসী একজনের ও দেশের ভেতরের এক হাজার ২৪৫ জনের ভোট।
এসকাগজ/আরডি



















