বিমানবাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন
- Update Time : 02:01:20 pm, Tuesday, 13 October 2026
- / 3 Time View
বাংলাদেশ বিমানবাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবার) বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কক্সবাজারের নিদানিয়ায় এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে (সিএডিএফআর)-এ বিমানবাহিনীর ৩০১ স্যাম ইউনিট পরিচালিত এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া পরিদর্শন করেন।
পরিদর্শনকালে, তিনি লাইভ মিসাইল ফায়ারিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহড়ার সফল কার্যক্রম সরেজমিন প্রত্যক্ষ করেন। তিনি মহড়া সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই পেশাদারি ধরে রাখার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ বিমানবাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জামাদি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বিমান বাহিনীর সদস্যদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য যে, মহড়া পরিদর্শনকালে সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, ১০ পদাতিক ডিভিশনের জিওসি, নৌবাহিনী, বিজিবি, পুলিশসহ বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঘাঁটির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।









