ইউপি নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর
- Update Time : 02:20:43 pm, Friday, 28 August 2026
- / 7 Time View
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ব্যক্তি নয়, জনগণের স্বার্থে দলের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জয়পুরহাট শহরের মাদরাসা পাড়া মহল্লায় বেসরকারি সংস্থা এহেড সোশ্যাল অর্গানাইজেশনের হলরুমে জেলা বিএনপি আয়োজিত স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান।
আব্দুল বারী বলেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন গুরুত্বপূর্ণ। আসন্ন ইউপি নির্বাচনে ব্যক্তি নয়, জনগণের স্বার্থ রক্ষায় দলের নির্দেশনা মেনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘ব্যক্তির পক্ষ নিয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করা যাবে না।
জনগণের সমর্থন আদায়ে দল মনোনীত যোগ্য প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা সৎ পাত্রে কন্যাদান করতে চাই। তাই সব ভেদাভেদ ভুলে দলের চেইন অব কমান্ড বজায় রেখে মানুষের সেবা নিশ্চিত করতে হবে।
দলকে আরো সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।’
আলোচনা সভায় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও এম. এ ওহাবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল, সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থীদের পক্ষে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।









