বে টার্মিনাল বাস্তবায়ন হলে আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থান সুদৃঢ় হবে
- Update Time : 11:07:29 am, Tuesday, 3 November 2026
- / 11 Time View
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পণ্য পরিবহনে গতি সঞ্চার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে বিনিয়োগসহ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক খাতের উন্নয়নে সিঙ্গাপুরের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ক্ষেত্রে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে হাইকমিশনার ডেরেক লো চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে সিঙ্গাপুরের বিনিয়োগ এবং টার্মিনাল পরিচালনার বিষয়ে অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে পিএসএ ইন্টারন্যাশনাল প্রস্তুত রয়েছে।
হাইকমিশনার বলেন, বে টার্মিনাল চালু হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।
এর ফলে দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম আরো গতিশীল হবে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি বন্দর উন্নয়ন, বিনিয়োগ ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।






