৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, নগদ আদায়ের সময় ধরা সার্ভেয়ার
- Update Time : 08:32:34 am, Tuesday, 3 November 2026
- / 8 Time View
ঢাকা জেলার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘদিন ধরে জমির সীমানা মাপার কাজটি ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা এবং পরবর্তীতে তা চূড়ান্ত করা ও নামজারি করে দেওয়ার শর্তে ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।
অভিযোগ সূত্রে জানা যায়, সৈনিক মো. মনিরুল ইসলাম (অব.) ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে থাকা মোট ২৮২ শতাংশ জমির প্রকৃত মালিকদের কাছ থেকে একটি নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল গ্রহণ করেন। পরবর্তীতে ওই জমির সঠিক সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং প্রয়োজনীয় স্কেচম্যাপ তৈরির উদ্দেশ্যে তিনি গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন।
পরে ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেল, ঢাকায় একাধিকবার যোগাযোগ করেও তিনি জমির সীমানা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করাতে পারেননি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এর পর সার্ভেয়ার আসাদুল অভিযোগকারীর জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ (আশি) লাখ টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করার লক্ষ্যে ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এর একটি বিশেষ দল আজ পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ১ (এক) লাখ টাকা ঘুষ গ্রহণকালে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




