আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
- Update Time : 01:35:39 pm, Sunday, 18 October 2026
- / 14 Time View
ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে আনসার আলী (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষের দরজা খোলা অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
রোববার বেলা ১১টার দিকে আশুলিয়ার ইউনিক বারোতলা এলাকার জিন্নাত আলীর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনসার আলী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাইসখাইল গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। তিনি আশুলিয়া এলাকার মোতালেবের একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
প্রতিবেশীরা জানান, গত দুই দিন ধরে আনসার আলীর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে তাঁর কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় তাঁরা কক্ষের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহে পচন ধরেছিল বলেও জানান তাঁরা।
প্রতিবেশীদের দাবি, দুই দিন ধরে তাঁর কোনো খোঁজ না থাকলেও বিষয়টি আগে কারও নজরে আসেনি। কক্ষের দরজা খোলা থাকার পরও কীভাবে বিষয়টি অজানা রয়ে গেল, তা নিয়ে তাঁদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আশুলিয়ার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের রুমের দরজা খোলা ছিলো এবিষয়ে আপনি কি বলবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন এবং অসুস্থ ছিলেন।
এসকাগজ/আরডি












