আশুলিয়ায় ডিবির অভিযানে লাখ টাকার ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার
- Update Time : 03:54:23 pm, Sunday, 11 October 2026
- / 27 Time View
সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১১ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। এর আগে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার শুটিংবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঢাকার আশুলিয়ার শুটিংবাড়ী এলাকার মৃত জরিব উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে গেল্লা (৬০), চাঁনগাঁও এলাকার সাগর মিয়ার ছেলে রবিন (২৮), পাড়াগ্রাম এলাকার দুদু মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২) এবং পাবনার চাটমোহর থানার দক্ষিণ সেনগ্রাম এলাকার মৃত দিলবর আলীর ছেলে সোহেল তানভীর বিজয় (৩০)। সোহেল বর্তমানে আশুলিয়ার চাঁনগাঁও এলাকায় ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন।
ডিবি পুলিশ সূত্র জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন। অভিযানের সময় চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ২২০ পিস ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬৬ হাজার টাকা। গ্রেপ্তার হাবিবুর রহমান ওরফে গেল্লার বিরুদ্ধে মাদকসংক্রান্ত চারটি এবং অন্যান্য ধারায় একটি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের এই কর্মকর্তা।
এসকাগজ/আরডি














