বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা দেখছেন না মার্কিন বিশেষজ্ঞ
- Update Time : 02:33:13 pm, Saturday, 3 October 2026
- / 12 Time View
বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা রয়েছে- দেশে এমন একটি ধারণা থাকলেও বাস্তবে তেমন কোনো প্রতিযোগিতা দেখছেন না যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারল ক্রিস্টিন ফেয়ার। বরং বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সম্পদের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন এই বিশেষজ্ঞ।
শনিবার (৩ অক্টোবর) ‘বে অব বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত একটি সেশনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ক্যারল ক্রিস্টিন ফেয়ার বলেন, চীন ও ভারত নিজেদের মধ্যকার প্রতিযোগিতার কারণে বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে চীনের মতো বাংলাদেশে বিনিয়োগ করার মতো সম্পদ যুক্তরাষ্ট্রের নেই। ফলে বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে প্রতিযোগিতা রয়েছে বলে বাংলাদেশে ধারণা করা হয়, তিনি তা দেখছেন না।
তিনি বলেন, ‘আমি সেই প্রতিযোগিতা দেখছি না। আমি মনে করি, প্রতিযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পুরোপুরি পিছিয়ে আছে।’
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্র সক্ষম নয় বলেও মন্তব্য করেন তিনি। ফেয়ার বলেন, ‘আমি মনে করি না যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া থেকে বিরত রাখতে পারবে।
কারণ, বাংলাদেশ নিজেদের স্বার্থে যা ভালো মনে করবে, সেটিই করবে।’
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের একটি মৌলিক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এই অর্থনৈতিক সম্পর্কই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে প্রভাবিত করবে।











