মেসির বিদায়ের আবহেই ‘২০২৮ কোপা আমেরিকা’ নিয়ে স্কালোনির সুখবর
- Update Time : 10:00:47 am, Saturday, 26 September 2026
- / 6 Time View
লিওনেল মেসির বিদায়ি ম্যাচের বিষাদ উদযাপনের আবহেই বড় সুখবর পেলেন আর্জেন্টিনা সমর্থকরা। দলটির বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও স্কালোনির আলোচনার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে সংস্থাটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাপিয়া ও স্কালোনির একটি ছবি প্রকাশ করে এএফএ জানায়, ‘আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির চুক্তি নবায়ন নিয়ে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোচের মধ্যে আলোচনা শুরু হয়েছে।’
চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ। বিশ্বকাপ ফাইনাল হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা বলে কিছুটা অনিশ্চয়তা তৈরি করলেও, শেষ পর্যন্ত চিত্র বদলাচ্ছে।
আনুষ্ঠানিকভাবে বিস্তারিত না জানানো হলেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, প্রাথমিকভাবে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দুই বছরের জন্য বাড়ানো হতে পারে তার মেয়াদ। পারফরম্যান্স সাপেক্ষে এটি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকবে।
নতুন চুক্তি সই না হলেও আসন্ন তিনটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন স্কালোনিই। চলতি মাসের ৩০ তারিখ বলিভিয়া, আগামী মাসের ৩ তারিখ বুরকিনা ফাসো এবং ৬ তারিখ বেনিনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়েই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মহাতারকা লিওনেল মেসি।
ভবিষ্যতের আর্জেন্টিনা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে স্কালোনির ঘোষিত স্কোয়াডেও। নিয়মিত তারকাদের পাশাপাশি ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন গোমেজ ও একি ফার্নান্দেজের মতো তরুণদের ডেকেছেন তিনি। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমোন, লিওনেল ফ্লোরেস ও তোবিয়াস আন্দ্রাদাও।








