গ্রিসে বিস্ফোরণে ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৫
- Update Time : 09:52:42 am, Saturday, 26 September 2026
- / 3 Time View
গ্রিসের রাজধানী এথেন্সের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বিস্ফোরণের পর একটি আবাসিক ভবন ধসে পড়ে একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন।
শনিবার দেশটির ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার কেন্দ্রীয় এথেন্সের প্লাকা এলাকায় দুই তলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। পরে ভবনটি ধসে পড়ে। এলাকাটি পর্যটকদের কাছে জনপ্রিয় এবং অ্যাক্রোপলিস ও জিউসের মন্দিরের কাছাকাছি অবস্থিত।
বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আশপাশের কয়েকটি বাড়ি, দোকান ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর থেকেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের খোঁজা হচ্ছিল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, শনিবার ভোরে ধ্বংসস্তূপ সরানোর সময় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। বিস্ফোরণের কারণে ভবনটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলে পেঁচানো ধাতব অংশ, ভাঙা বারান্দা এবং ঝুলে থাকা কংক্রিটের টুকরা পড়ে আছে। ধ্বংসস্তূপ সরাতে উদ্ধারকর্মীদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। উদ্ধারকর্মীরা একটি ফ্ল্যাটে থাকা এক বয়স্ক দম্পতি এবং অন্য একটি ফ্ল্যাটে থাকা চার পর্যটককে খুঁজছেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, নিখোঁজ চার পর্যটকের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।
শুক্রবার বিকেল ৩টায় এথেন্স বিমানবন্দর থেকে ওই চার পর্যটকের একটি ফ্লাইট ধরার কথা ছিল। সে কারণে সেদিন তাদের থাকার জায়গা ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা নির্ধারিত সময়ে সেখানে উপস্থিত হননি। এর পর তাদের নিখোঁজ হিসেবে ধরে নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
প্লাকা এথেন্সের অন্যতম ব্যস্ত পর্যটন এলাকা। সেখানে অনেক হোটেল, রেস্তোরাঁ এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া বাসা রয়েছে। ফলে বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। এথেন্সের মেয়র হারিস দুকাস শুক্রবার বলেন, বিস্ফোরণের সঙ্গে গ্যাস সরবরাহব্যবস্থার কোনো সম্পর্ক থাকতে পারে। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং কোনো একটি জায়গায় বড় ধরনের ভুল হয়ে থাকতে পারে।







