যুক্তরাষ্ট্র সফর শেষে দুবাই হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
- Update Time : 05:47:58 am, Friday, 25 September 2026
- / 19 Time View
যুক্তরাষ্ট্র সফর শেষে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।
আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর রাত ১১টায় নিউইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২৬ সেপ্টেম্বর রাতে দুবাই পৌঁছানোর পর প্রায় ছয় ঘণ্টা ট্রানজিট শেষে ২৭ সেপ্টেম্বর রাত ২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী গত ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। নিউইয়র্কে ২২ সেপ্টেম্বর থেকে তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। সফরের প্রথম দিন জাতিসংঘ মহাসচিবের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে অংশ নেন প্রধানমন্ত্রী।
এরপর সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে যোগ দেন তিনি।
সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানেও অংশ নেন তিনি।
এরপর গত ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি বৈশ্বিক বৈষম্য মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আয়োজিত বিভিন্ন উচ্চপর্যায়ের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
এদিন বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি সাইড ইভেন্টেও অংশ নেন তিনি। সেখানে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধানমন্ত্রী।







