রজনীকান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন শ্বশুরের ছবির সঙ্গে বক্সঅফিসে সংঘাত এড়াতে ‘ওএম’-এর মুক্তি পিছিয়ে দিলেন ধনুষ। দীপাবলিতেও ছবি আনছেন না অভিনেতা।
প্রাক্তন হলেও সমীকরণ বদলায়নি! রজনীকান্তের জন্য কী বিশেষ সিদ্ধান্ত নিলেন ধনুষ?
- Update Time : 04:58:56 am, Thursday, 24 September 2026
- / 29 Time View
সম্পর্কের সমীকরণ বদলেছে। একসময়ে রজনীকান্ত ছিলেন তাঁর শ্বশুর, এখন সেই সম্পর্কের পরিচয় অতীত। কিন্তু শ্রদ্ধার জায়গাটা যে এখনও অটুট, তারই যেন প্রমাণ দিলেন ধনুষ। প্রাক্তন শ্বশুর রজনীকান্তের ছবির সঙ্গে যাতে একই সময়ে বক্সঅফিসে সংঘাত না হয়, সে কথা মাথায় রেখেই নিজের নতুন ছবি ‘ওম’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেতা।
জাতীয় পুরস্কারে জোড়া সাফল্যের পর ধনুষ এখন ব্যস্ত নতুন ছবির কাজে। ‘ওম: চ্যাপ্টার ১ (উধিরাম—দ্য ব্লাড উড)’-এর মুক্তি প্রথমে ১৬ অক্টোবর নির্ধারিত ছিল। কিন্তু সেই তারিখের ঠিক এক দিন আগে, ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে রজনীকান্ত অভিনীত ছবি। তাই আর কোনও ঝুঁকি না নিয়ে ‘ওম’-এর মুক্তি আপাতত পিছিয়ে দিলেন ধনুষ। নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

সমাজমাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়ে ধনুষ জানিয়েছেন, এই সময়ে কোনও ছবির মুক্তি পিছিয়ে দেওয়া সহজ নয়। কিন্তু রজনীকান্তের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, ‘‘আমাদের সুপারস্টার রজনীকান্ত স্যার, যাঁকে আমরা বছরের পর বছর শ্রদ্ধা ও ভালবাসা দিয়ে এসেছি, তাঁর ছবি ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে। তাঁর প্রতি সম্মান জানিয়ে ‘ওম’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
রজনীকান্ত শুধু দক্ষিণী ছবির অন্যতম বড় তারকা নন, ধনুষের প্রাক্তন শ্বশুরও। রজনীকান্তের দুই কন্যার মধ্যে বড় মেয়ে ঐশ্বর্যার সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয়েছিল ধনুষের। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। ফলে, ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও রজনীকান্তের প্রতি ধনুষের শ্রদ্ধা যে এখনও রয়েছে, এই সিদ্ধান্তে ফের তা স্পষ্ট হল।
শুধু রজনীকান্তের ছবি নয়, এই বছরের দীপাবলিতেও কোনও ছবি মুক্তি পাবে না ধনুষের। কারণ, সেই সময়ে অন্য এক বড় বাজেটের ছবি মুক্তি পাওয়ার কথা। ধনুষ জানিয়েছেন, অন্য ছবির ঘোষিত তারিখকে সম্মান জানানোই শিল্পের বৃহত্তর স্বার্থে ভাল। বড় ছবিগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং একে অন্যের সিদ্ধান্তকে সম্মান করার প্রয়োজন রয়েছে বলেও মত তাঁর।
প্রসঙ্গত,বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই তামিল অ্যাকশন-থ্রিলারের গল্প। যদিও এখনও বেশ গোপনেই রাখা হয়েছে ছবির খুঁটিনাটি। তবে জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা-পরিচালক-সম্পাদক এবং মম্মুট্টির মতো তারকার সমাবেশে ছবিটি নিয়ে প্রত্যাশা ইতিমধ্যেই তুঙ্গে।
এসকাগজ/আরডি















