বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর
- Update Time : 11:46:04 am, Tuesday, 22 September 2026
- / 7 Time View
বান্দরবান পৌরসভায় ভারি বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো পরিদর্শন করে সেগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান জেলা শহরের পৌরসভার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো সরেজমিন পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির বিষয়েও খোঁজখবর নেন।
মন্ত্রী বলেন, বর্ষায় ভারি বৃষ্টিপাত ও বন্যায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও টেকসই অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময় জনসাধারণের দুর্ভোগ কমানো সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আশ্বাস দেন।







