পটুয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০
- Update Time : 12:10:01 pm, Thursday, 17 September 2026
- / 12 Time View
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে।
পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা সদর ইউনিয়নে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিকাপুর একাদশ ও মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলা চলছিল। কালিকাপুর একাদশ এক গোলে এগিয়ে থাকলেও খেলার ১০ মিনিট আগে দুই দলের দুজন খেলোয়ারের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
এতে কালিকাপুর একাদশের টিম লিডার মিরাজ খানকে অপর দলের টিম লিডার রাকিব তালুকদারের লোকজন ইট দিয়ে মুখমণ্ডলে আঘাত করে। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এর মধ্যে গুরুতর আহতরা হলেন মিশন খান (২৭), জলিল খান (৬০), মজিবর প্যাদা (৪৮), লাল মিয়া (৫২), বেল্লাল মুন্সি (২৭), রাসেল গাজী (৩২), হান্নান মৃধা (৬০), কামাল (৪৫), সাইফুল কাজী, সানাউল্লাহ (২৮), আবুল হাওলাদার (৬০), শাকিল (২৫), রাখাইন ডিস্কো, জাকির হোসেন (৩৫), কবির হোসেন (৩৮), আলমগীর হোসেন (৩৭), আরিয়ান তালুকদার (১৮), মানিক (২৫), রনি প্রমুখ।
এদিকে সংঘর্ষে আপন দুই ভাই মিরাজ খান (৩০) ও মিশন খান (২৭) গুরুতর আহত হন। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মিরাজ খানকে বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিরাজের বাবা আবুল হোসেন খান বাদী থানায় মামলা করেন। পরে গলাচিপা থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা নামক এলাকা থেকে জাহাঙ্গীল হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ফুটবল খেলা পরিচলনাকারী কমিটির আহ্বায়ক কামাল মৃধা জানান, চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে। বুধবার অনাকাঙ্ক্ষিত ঘটনায় মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশ দায়ী। তাদের কারণে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। এমনকি খেলা কমিটির লোকদের গায়েও হাত তোলা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অপরাধী যে কেউ হোক না কেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






