ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাত নিজেই রুগ্ন ছিল
- Update Time : 02:39:15 pm, Wednesday, 16 September 2026
- / 4 Time View
ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাত নিজেই বেহাল ও রুগ্ন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতে মেডিক্যাল যন্ত্রাংশ ক্রয়ের নামে লুটপাট করা হয়েছে।
কমিশন দুর্নীতির জন্য বিভিন্ন যন্ত্রাংশ ইমপোর্ট করে দিনের পর দিন ফেলে রেখে নষ্ট করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে নরসিংদীর সদর হাসপাতালের হলরুমে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, বিগত সরকারের আমলে জাতীয়তাবাদী দল ও আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে অনেক চিকিৎসকের পদায়ন হয়নি। তারা চাকরির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
অনেক দক্ষ ও যোগ্যতাসম্পূর্ণ ডাক্তারদের ওএসডি করা হয়েছে। লুটপাট, দুর্নীতি, ও দলীয়করণ ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়ে গেছে।
তিনি আরো বলেন, আজকে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হচ্ছে। একটি মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সেটি প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতিমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর, নরসিংদী জেলা ড্যাবের সহসভাপতি ডা. এ কিউ এম মোবিন, ডা. আব্দুল্লাহ আল মাসুদ, নরসিংদী সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবীরসহ প্রমুখ।



