আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে মতবিনিময়সভা
- Update Time : 12:46:06 pm, Thursday, 10 September 2026
- / 9 Time View
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরো আধুনিক, দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সার্বিক সংস্কার, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন।
সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়।
এ সময় ব্যাংকের কার্যক্রমকে আরো গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংকের বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে তা উত্তরণে প্রয়োজনীয় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
তিনি ব্যাংকের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা ও অগ্রগতি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি সম্ভাবনাময় ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
সভায় ব্যাংকের সংস্কার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, অভিজ্ঞ ও দক্ষ জনবলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, পরিশোধিত মূলধন বৃদ্ধি, বিদ্যমান প্রবিধানমালা আধুনিকায়ন, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের প্রকৃত কারণ নিরূপণ, অবলোপনকৃত ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য সার্কুলার অনুসরণ করে কার্যকর ও প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ এবং সামগ্রিক ঋণ ব্যবস্থাপনা আরো শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় ২০২৯ সালের মধ্যে HR Automation/ERP বাস্তবায়নের মাধ্যমে কর্মী-সংক্রান্ত সেবা আরো দ্রুত, স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সুশাসনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একটি দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক ও টেকসই ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বৃহৎ আনসার-ভিডিপি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরো গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি; মো. সাঈদ কুতুব; আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি; যুগ্মসচিব ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।