পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব অসীম ইফতিখার
- Update Time : 12:41:45 pm, Thursday, 10 September 2026
- / 0 Time View
পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত অসীম ইফতিখার আহমেদ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবর অনুযায়ী, দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দেন।
অসীম ইফতিখার আহমেদ বর্তমান পররাষ্ট্র সচিব আমনা বালুচের স্থলাভিষিক্ত হবেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, অসীম ইফতিখারের নেতৃত্বে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো দক্ষতা ও স্পষ্ট লক্ষ্য নিয়ে দেশের স্বার্থ রক্ষায় কাজ করবে। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব আমনা বালুচের কাজেরও প্রশংসা করেন। ইসহাক দার বলেন, গুরুত্বপূর্ণ সময়ে তার নিষ্ঠা ও নেতৃত্বের জন্য তিনি কৃতজ্ঞ।
আমনা বালুচ সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তুরস্কে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন। ইসহাক দার আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও তিনি ভালোভাবে পাকিস্তানের সেবা করবেন। আমনা বালুচ ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। আগামী ১৭ সেপ্টেম্বর তিনি সরকারি চাকরি থেকে অবসর নেবেন।
অন্যদিকে, নতুন দায়িত্ব পাওয়াকে ‘বিরাট সম্মান’ হিসেবে উল্লেখ করেছেন অসীম ইফতিখার আহমেদ। এক্সে দেওয়া এক পোস্টে তিনি সরকারকে ধন্যবাদ জানান।