ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা
- Update Time : 04:25:44 pm, Sunday, 6 September 2026
- / 4 Time View
ছেঁড়া, ফাটা ও অপ্রচলনযোগ্য নোট বদল এবং দাবিযোগ্য নোট বিনিময়ের সেবা নিয়মিতভাবে চালু রাখতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সদস্য তার প্রশ্নে বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণ ও নিম্নআয়ের মানুষ বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক থেকে ছেঁড়া, ফাটা ও অতিরিক্ত ব্যবহৃত নোট সংগ্রহ করে নতুন নোটের সঙ্গে বিনিময় করেন। এতে একদিকে ব্যবহার অনুপযোগী নোট ব্যাংকিং ব্যবস্থায় ফেরত যায়, অন্যদিকে এসব মানুষ সামান্য লাভের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। নতুন নোট দেওয়া বন্ধ থাকায় অনেকের এই আয়ের পথ বন্ধ হয়ে গেছে বলেও প্রশ্নে উল্লেখ করা হয়।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে জারি করা সার্কুলারের মাধ্যমে অপ্রচলনযোগ্য, ত্রুটিপূর্ণ ও দাবিযোগ্য নোট বিনিময়ের সেবা নিয়মিতভাবে দেওয়ার জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে। বর্তমানে এ সেবা চালু রয়েছে।
তিনি আরো বলেন, নতুন নোট মুদ্রণ ও বাজারে প্রচলন একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া। নতুন মুদ্রিত নোট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন ও বিনিময় সেবার মধ্য দিয়ে নিয়মিতভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ছেঁড়া ও ফাটা নোট বদল বা বিনিময় করা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমেরই অংশ।
অর্থাৎ, কারো কাছে ছেঁড়া, ফাটা বা ত্রুটিপূর্ণ নোট থাকলে নির্ধারিত নিয়ম মেনে তফসিলি ব্যাংকের মাধ্যমে তা বদল বা বিনিময় করার সুযোগ রয়েছে।
