পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
- Update Time : 12:27:05 am, Sunday, 6 September 2026
- / 2 Time View
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনকে (৬০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ কর্মকর্তার ছেলে মো. আরিফ গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আমিনবাজার বড়দেশি গ্রামের জনতা হাউজিং এলাকায় এক অটোরিকশা চালককে দুর্বৃত্তরা মারধর করলে এর প্রতিবাদ করতে গিয়ে এ হামলার শিকার হন তিনি।
মো. আলতাফ হোসেন ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের জনতা হাউজিং এলাকায় ভাড়া থাকতেন এবং ছেলেকে দিয়ে ওই এলাকায় নিজস্ব ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় গেঞ্জি তৈরি করতেন।
নিহতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে কারখানা থেকে কিছুটা অদূরে অবস্থিত ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ হোসেন। পথে একটি প্রাইভেট কারে থাকা কয়েকজন যবুককে এক বৃদ্ধ অটোরিকশা চালককে মারধর করতে দেখেন। এসময় তিনি ওই বৃদ্ধকে মারধরের প্রতিবাদ করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে আলতাফ হোসেনকেও মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং দৌড়ে তার ছেলের কারখানার ভেতরে প্রবেশ করেন।
পরে ওই যুবকরা আরো ১৫/২০ জন দুর্বৃত্তকে ডেকে এনে কারখানায় হামলা করে। এসময় তারা কারখানার ভেতরে প্রবেশ করে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলেকে পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তবে আরিফ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় একজন এসবি সদস্যকে আমিনবাজার এলাকায় পিটিয়ে হত্যা করা হয়েছে।
আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে ।