সন্তান জন্মের পর শরীর নিয়ে ট্রোলিং, মুখ খুললেন বিপাশা
- Update Time : 03:03:42 pm, Saturday, 5 September 2026
- / 3 Time View
সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোলিংয়ের শিকার হওয়ার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তার অভিযোগ, সন্তান জন্মের পরও নারীদের দ্রুত আগের শরীরের গঠনে ফিরে আসার অবাস্তব প্রত্যাশা করা হয়।
তা না হলে অনেককেই নির্মমভাবে ট্রোলিংয়ের শিকার হতে হয়।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি এলে ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা বলেন বিপাশা। তিনি জানান, মা হওয়ার পর তার শরীর নিয়েও ব্যাপক ট্রোলিং হয়েছিল।
বিপাশার জানান, নারীদের শরীর নিয়ে মানুষের আলোচনা এখনো বেশ অদ্ভুত। একজন নারী সন্তান জন্ম দেওয়ার পরও অনেকের প্রত্যাশা থাকে, তিনি যেন দ্রুত ২০ বছর বয়সের মতো শরীর ফিরে পান। বয়স ৪০ হলেও তার কাছে ২০ বছর বয়সের শরীরের মতোই প্রত্যাশা করা হয়। আর সেই প্রত্যাশা পূরণ না হলেই শুরু হয় ট্রোলিং।
২০২২ সালের ১২ নভেম্বর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে কন্যাসন্তান দেবীর জন্ম দেন বিপাশা। এরপর নিজের শরীরের পরিবর্তন নিয়ে নানা কটূক্তি ও সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
অভিনেত্রী জানান, মা হওয়ার পর তিনি ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছেন। এমনকি কিছু অসংবেদনশীল পাপারাজ্জি তার এমন কিছু ছবি তুলেছিলেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের জন্ম দেয়।
বিপাশা বলেন, একটি সন্তানকে সামলানোর পাশাপাশি নিজের জীবন, জীবনযাপন ও ব্যক্তিগত নানা চাপও সামলাতে হয় একজন নারীকে।
কিন্তু এসব বিষয় অনেকেই দেখেন না। সবার প্রত্যাশা থাকে, সন্তান জন্মের পর নারী যেন দ্রুত আগের চেহারা ও শরীরের গঠনে ফিরে আসেন।
তবে এসব ট্রোলিং তাকে ভেঙে দিতে পারেনি বলেও জানান বিপাশা। নিজের প্রতি আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, তিনি নিজের যাত্রা সম্পর্কে জানেন এবং কখন কী করতে হবে, সেটিও তার জানা। তাই বাইরের মানুষের নেতিবাচক মন্তব্যকে তিনি গুরুত্ব দেন না।
নারীদের শরীর নিয়ে অবাস্তব সামাজিক প্রত্যাশার বিষয়টি নিয়েও কথা বলেন বিপাশা। তার মতে, সন্তান জন্মের পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। সেই পরিবর্তনকে ঘিরে উপহাস বা কটূক্তি করা মোটেও সংবেদনশীল আচরণ নয়।
বিপাশা বসু ও করণ সিং গ্রোভার ২০১৫ সালে অ্যালোন সিনেমার শুটিংয়ের সময় পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর প্রেমের পর ২০১৬ সালের এপ্রিলে বিয়ে করেন তাঁরা।
উল্লেখ্য ২০২২ সালের ১২ নভেম্বর তাঁদের সংসারে আসে কন্যাসন্তান দেবী বসু সিং গ্রোভার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই মেয়েকে নিয়ে বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় বিপাশাকে।