নতুন ঝুঁকিতে নেপাল
- Update Time : 12:16:05 pm, Sunday, 30 August 2026
- / 11 Time View
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখন নতুন করে সৃষ্ট ঝুঁকিই সবচেয়ে বড় উদ্বেগের বিষয় বলে সতর্ক করেছেন এক বন্যা বিশেষজ্ঞ। রিডিং বিশ্ববিদ্যালয়ের বন্যার আগাম সতর্কতা ও দুর্যোগ ঝুঁকি বিষয়ক গবেষক জেফ দা কস্তা জানিয়েছেন, ওই অঞ্চলের অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলে দ্বিতীয়বারের বন্যা প্রথমবারের মতো বড় না হলেও গুরুতর ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
দা কস্তার মতে, দুর্যোগের ফলে ধ্বংসাবশেষ নদীর গতিপথ আটকে দিয়ে উজানে নতুন নতুন হ্রদ তৈরি করেছে। এসব হ্রদ ও নদীর প্রবাহ আটকে দেওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং সেগুলো কোথায় ভেঙে পড়তে পারে, তা এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
তিনি বলেন, চীন ও নেপালের মধ্যে এসব পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য আদান-প্রদান করাও জরুরি।
কারণ উজানে যা ঘটে, তা খুব দ্রুত সীমান্তের ওপারে থাকা মানুষের ওপর প্রভাব ফেলতে পারে।
এই দুর্যোগের প্রেক্ষাপট হিসেবে জলবায়ু পরিবর্তনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বৈশ্বিক উষ্ণতা হিমালয়জুড়ে হিমবাহ, পারমাফ্রস্ট (স্থায়ীভাবে জমে থাকা মাটি) এবং পাহাড়ের ঢালের স্থিতিশীলতায় পরিবর্তন আনছে বলেও জানান তিনি। তবে তিনি সতর্ক করে বলেন, আরও বিশ্লেষণ ছাড়া এবারের দুর্যোগকে সরাসরি জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে দায়ী করা যায় না।









