কৃষকের ঘাম-শ্রমের যথাযথ মূল্য দিতে হবে : খাদ্য প্রতিমন্ত্রী
- Update Time : 11:15:50 am, Friday, 28 August 2026
- / 11 Time View
কৃষককে শক্তিশালী করতে হলে তার উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, কৃষকের ঘাম ও শ্রমের যথাযথ মূল্য দিতে হবে।
সরকারের বিভিন্ন প্রণোদনা ও উন্নয়ন কর্মসূচির সুফল যেন প্রকৃত প্রান্তিক কৃষকের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে কালাই হাট ও বাজার এলাকায় মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, কৃষকের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। কৃষক যেন উৎপাদনের পরপরই কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য না হন, সে জন্য স্থানীয় পর্যায়ে সংরক্ষণ সুবিধা বাড়াতে হবে।
আব্দুল বারী বলেন, আমাদের কৃষকেরা অনেক পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। কিন্তু অনেক সময় সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাজারে দাম কমে গেলে তারা ক্ষতির মুখে পড়েন। মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে কৃষকেরা উৎপাদিত সবজি কিছু সময় সংরক্ষণ করে বাজার পরিস্থিতি বুঝে বিক্রি করার সুযোগ পাবেন। এতে কৃষকের উৎপাদন খরচের ন্যায্য প্রতিফলন পাওয়ার সম্ভাবনা বাড়বে।
প্রতিমন্ত্রী আরো বলেন, কৃষিকে শুধু উৎপাদন নির্ভর রাখলে হবে না। উৎপাদন থেকে সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ প্রতিটি ধাপে আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষিপণ্যের অপচয় কমানো গেলে কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি ভোক্তাদের জন্যও বাজার স্থিতিশীল রাখা সহজ হবে।
এদিন সকালে কৃষকের উৎপাদিত সবজি সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত এবং সংরক্ষণজনিত অপচয় কমানোর লক্ষ্যে জয়পুরহাটের কালাই হাট ও বাজারে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্মিত এই সংরক্ষণাগার চালু হওয়ায় স্থানীয় প্রান্তিক কৃষকেরা উৎপাদিত সবজি কিছু সময় সংরক্ষণ করে বাজার পরিস্থিতি বুঝে বিক্রির সুযোগ পাবেন।
অনুষ্ঠানে জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজু আলম সরকার, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেলসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।












