ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার
- Update Time : 03:27:39 pm, Thursday, 27 August 2026
- / 2 Time View
১৫ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন আসিফ। ছবি : আইসিসি
ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় শাস্তি পেলেন আসিফ খান। আইসিসি থেকে ১৫ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার।
আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আসিফ দায় স্বীকার করেছেন জানিয়ে আইসিসি বিবৃতিতে লিখেছে, ‘আসিফের শরীরে নিষিদ্ধ পদার্থ ‘মেস্টেরোলোনের একটি মেটাবোলাইট’ পাওয়া যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরে করানো একটি ডোপ পরীক্ষায় সেটা ধরা পড়ে। ৩৬ বছর বয়সী আসিফ অ্যান্টি-ডোপিংয়ের ২.১ ধারা লঙ্ঘনের কথা স্বীকার করেছেন।
ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) ও আইসিসির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে তিনি নিষেধাজ্ঞার মেয়াদ মেনে নিয়েছেন। ফলে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।’
আসিফের নিষেধাজ্ঞা ইতিমধ্যে কার্যকর হয়েছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে। মেয়াদ শেষ হবে চলতি বছরের ৭ ডিসেম্বর।
ম্যাচ খেলার অনুমতি ৮ ডিসেম্বর থেকে মিললেও অক্টোবর থেকে যেকোনো দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন ৩৬ বছর বয়সী ব্যাটার। এ নিয়ে আইসিসি বিবৃতিতে বলেছে, ‘আগামী ৮ অক্টোবর থেকে কোনো দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন আসিফ। কোনো ক্লাব বা আইসিসির সদস্য সংস্থার সুযোগ-সুবিধাও ব্যবহার করতে পারবেন। তবে ৮ ডিসেম্বর থেকে মাঠে খেলার অনুমতি পাবেন।’
অন্যদিকে নিষেধাজ্ঞার মেয়াদের সময় আসিফের ব্যক্তিগত পারফরম্যান্স বাতিল করেছে আইসিসি।
তাতে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সাময়িক নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার সব পদক, পয়েন্ট, প্রাইজমানি হারাতে হচ্ছে। সেই তালিকায় পড়েছে ২০২৫ সালের এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিপক্ষে খেলা তার তিনটি পারফরম্যান্স। কেননা ৮ সেপ্টেম্বরের পর ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল।
২০২২ সালের মার্চে ওয়ানডে দিয়ে সংযুক্ত আরব আমিরাতের হয়ে অভিষেক হয় আসিফের। প্রতিপক্ষ ছিল ওমান। আমিরাতের হয়ে ৩৪ ওয়ানডে ও ৫৬ টি-টোয়েন্টি খেলা ব্যাটার এর আগে পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন।














