ঢাকার আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলার অভিযোগে মামলা
- Update Time : 04:53:48 pm, Thursday, 27 August 2026
- / 2 Time View
ঢাকার আদালত প্রাঙ্গণে মামলার কার্যক্রম শেষে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভুক্তভোগী আইনজীবী মো. মোহাইমিনুল ইসলাম খান বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগটি ২৪ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানায় এজাহার (এফআইআর) হিসেবে গণ্য করার নির্দেশ দেন আদালত। আসামিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা দায়েরের সময় ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম খান, সাবেক সিনিয়র সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল ও লাইব্রেরি সম্পাদক মাকসুদুল হাসান সবুজ বাদীপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—উম্মে হাফসা তন্বী, হুমায়ুন কবির, মো. আশরাফুল আলম খান, মাহাবুব আলম খান, শাহাদাত হোসেন, জিদান, মো. মোহিবুল্লাহ, রায়হান, খালেদ সাইফুল্লা নাঈম ও আরমান হোসেন।
মামলার বিবরণে বলা হয়, গত ২৫ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে বাদী যৌতুক নিরোধ আইনের একটি মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানি শেষ করেন। এরপর মক্কেলদের নিয়ে চেম্বারে ফেরার পথে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার সামনে তাঁদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, প্রথম চার আসামির মদদে ভাড়াটে সন্ত্রাসীরা আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে হামলা চালায়।
এ সময় তাঁর মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়।
আক্রান্তদের চিৎকার শুনে আদালত প্রাঙ্গণে থাকা পথচারী ও আইনজীবীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। এ সময় উপস্থিত লোকজনের সহায়তায় ছয়জনকে হাতেনাতে ধরে ঢাকা আইনজীবী সমিতিতে নিয়ে যাওয়া হয়। তবে অন্য সহযোগীরা পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে পলাতক ব্যক্তিরা আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে নিয়ে ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনের তৃতীয় তলায় প্রবেশ করে পুনরায় অতর্কিত হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।










