সেন্টমার্টিনে পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, জীবিকা সংকটে দ্বীপবাসী
- Update Time : 07:56:10 pm, Friday, 3 April 2026
- / 112 Time View
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দ্বীপবাসী। শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের পর দ্বীপের বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। তারা দ্রুত পর্যটন খাত উন্মুক্ত করার পাশাপাশি দ্বীপবাসীর নিত্যদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ও সেন্টমার্টিন বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দ্বীপবাসীর বিভিন্ন সমস্যার কোনো সমাধান হচ্ছে না। পর্যটন বন্ধ থাকায় স্থানীয়দের প্রধান আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গেছে, ফলে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
তিনি অভিযোগ করে বলেন, “দ্বীপের বিদ্যুৎ সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। বিকেলের পর থেকেই বিদ্যুৎ চলে যায়, যা পরদিন সকাল পর্যন্ত থাকে না। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।” বিদ্যুৎ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এছাড়া সমুদ্রে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী সাগর এলাকায় মাছ ধরতে গিয়ে জেলেরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছেন। এমনকি কয়েকজন জেলে নিখোঁজ বা আটক হওয়ার ঘটনাও শোনা যাচ্ছে, যদিও এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবিকা নির্বাহের সুযোগ সংকুচিত হয়ে পড়ায় দ্বীপবাসী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত পর্যটন কার্যক্রম চালু, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং জেলেদের নিরাপত্তা জোরদারে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন থেকে দ্বীপবাসীর সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
এসকাগজ/আরডি



















