উখিয়ায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য
- Update Time : 12:30:21 pm, Tuesday, 3 February 2026
- / 65 Time View
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নে বসবাসরত বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। দেশের সর্বদক্ষিণের সীমান্তঘেঁষা উপজেলা উখিয়ায় একযোগে এতসংখ্যক নেতাকর্মীর দলবদল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নতুন যোগদানকারীরা অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির একাধিক প্রভাবশালী নেতার হাতে বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন। এছাড়া পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নেয়। এর ফলে ধীরে ধীরে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন।
তাদের ভাষ্য অনুযায়ী, এই পরিস্থিতির প্রেক্ষিতে তারা রাজনৈতিকভাবে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অবশেষে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পালংখালি স্টেশন এলাকায় আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুর আহমেদ আনোয়ারীসহ দলের সিনিয়র নেতাকর্মীরা। এ সময় তারা নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পালংখালি ইউনিয়নে বিএনপির একটি বড় অংশের নেতাকর্মীর জামায়াতে যোগদান উখিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।













