দৌলতপুরে নির্জন মাঠে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- Update Time : 06:14:42 am, Wednesday, 30 September 2026
- / 71 Time View
কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালে খুবলে খাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিনের পুরোনো।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক (৩০) বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু ঘিরে টানাটানি করছে। কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। মরদেহটির শরীরের একাংশ শিয়ালে খুবলে খেয়েছে।
বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ছুটে আসেন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে।”
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্রাইমসিন টিমের পরিদর্শন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এসকাগজ/আরডি
















