মজুরি নির্ধারণে সরকারের সম্পৃক্ততা ছিল না : মাহদী আমিন
- Update Time : 10:57:04 am, Thursday, 26 November 2026
- / 5 Time View
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, গত তিন বছরে গার্মেন্টস শ্রমিকদের চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ মজুরি বেড়েছে। তার দাবি, নতুন মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না; মজুরি বোর্ড স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন মজুরি কাঠামো ঠিক করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ ও জ্বালানি সংকটের মধ্যেও আগের পাঁচ বছরের বদলে তিন বছরের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তার ভাষ্য, বোর্ডের সদস্যরা গ্রহণযোগ্য ও সর্বজন শ্রদ্ধেয়; শ্রমিক ও মালিক প্রতিনিধিরাও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি জানান, চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে ঐকমত্য হয়েছে।
একটি গ্রেডে ঐকমত্য না হওয়ায় ভোটে সিদ্ধান্ত হয়েছে। ওই গ্রেডে শ্রমিকপক্ষ ১৮ হাজার ও মালিকপক্ষ ১৬ হাজার টাকা প্রস্তাব করেছিল; ভোটে মাঝামাঝি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
গ্রেড-১-এ ২০২৩ সালে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা, এবার নির্ধারিত হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ।
বোনাস ও ওভারটাইম যোগ হলে শ্রমিকদের মাস শেষে প্রাপ্তি আরো বাড়বে বলে তিনি মনে করেন।
মালিক প্রতিনিধিদের বরাতে তিনি জানান, অনেকে আশা করছেন শ্রমিকদের একটি বড় অংশ মাস শেষে ২৫ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন।
মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, অন্যান্য শিল্পের মজুরি, শিল্পের সক্ষমতা, বড়-মাঝারি-ছোট কারখানার অবস্থা এবং প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার দাবি, গতকাল থেকে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনায় দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষের কাছে নতুন কাঠামো গ্রহণযোগ্য হয়েছে। সরকার প্রক্রিয়াটিতে সরাসরি জড়িত না থাকলেও সহযোগিতা ও সমর্থন দিয়েছে বলেও জানান তিনি।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আনুষঙ্গিক সুবিধার উদ্যোগ নেওয়া হয়েছে। ওএমএস ট্রাকের মাধ্যমে শ্রমিক অধ্যুষিত এলাকায় ভর্তুকি মূল্যে চাল দেওয়া হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়কে এ কার্যক্রম বাড়াতে বলা হয়েছে। শ্রমিক অঞ্চলে ছয়টির বদলে সাতটি বিশেষায়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার হবে। জমি অধিগ্রহণ চলছে।
নারী শ্রমিকদের নিজের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীর নামে কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। বেতন বাড়ার সঙ্গে হঠাৎ বাড়িভাড়া ও বাসভাড়া বাড়ানো ঠেকাতে স্থানীয় সরকার এবং সড়ক ও পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা চলছে এবং আইন প্রয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শ্রমিক অধ্যুষিত এলাকায় হাইরাইজ ভবন নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, যিনি এ বিষয়ে ইতিবাচক বলে জানান উপদেষ্টা।
জ্বালানি সংকট মোকাবেলায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের কাজ চলছে এবং জ্বালানির উৎস বহুমুখী করা হচ্ছে বলেও জানান তিনি।
মাহদী আমিন বলেন, বর্তমানে বিপুলসংখ্যক কারখানা শান্তিপূর্ণভাবে চলছে এবং এ ধারা বজায় রাখতে হবে। মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যূনতম মজুরিই শেষ কথা নয়; সক্ষম মালিকেরা এর চেয়ে বেশি দিতে পারেন, আর যাদের সক্ষমতা কম, তাদের আইন মেনে চলতে হবে।









