হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : 02:45:43 pm, Thursday, 10 September 2026
- / 3 Time View
মহাসড়কে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত, অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া ডাকাতি, ছিনতাইসহ মহাসড়ককেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ।
সভায় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলামের সঞ্চালনায় গত জুলাই-আগস্ট এবং আগস্ট ২০২৫ সালের খাতওয়ারি ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মহাসড়কের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় হাইওয়ে পুলিশের সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ, যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত এবং দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সব থানা ও ফাঁড়ির অফিসার ইনচার্জরা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।