সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি : রিজভী
- Update Time : 10:01:31 am, Wednesday, 9 September 2026
- / 2 Time View
আন্তর্জাতিক সংকট সত্ত্বেও সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তেমন বাড়েনি এবং আগস্ট মাসে মূল্যস্ফীতি কমেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
রিজভী বলেন, ‘আজকে অনেক সংকটের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি যে কর্মসূচি ও রাষ্ট্রীয় দায়িত্ব সুচারুভাবে পালন করছেন, তার মাধ্যমে প্রমাণিত হয়েছে—একজন দেশপ্রেমিক ব্যক্তি ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থকেই সবচেয়ে বড় করে দেখেন।’
জ্বালানি পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, দেশে গ্যাসের সংকট আন্তর্জাতিক পরিস্থিতির ফল।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস বহনকারী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এই বিশ্বব্যাপী বৈরী পরিস্থিতি একা কোনো রাষ্ট্রের পক্ষে পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন এবং মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে বিকল্প উপায়ে গ্যাস আমদানির ব্যবস্থা নিচ্ছেন।
তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার গ্যাসের জন্য অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিয়েছে। এসব পদক্ষেপের সুফলেই আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ সংকট সত্ত্বেও বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।