ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে’
- Update Time : 12:05:59 pm, Sunday, 15 March 2026
- / 74 Time View
ঈদুল ফিতরের সময় যারা রাজধানী ছাড়বেন তারা চাইলে বাসার মূল্যবান সামগ্রী থানা হেফাজতে রাখতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রবিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড ও অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, ঈদের সময় রাজধানী অনেকটা ফাঁকা হয়ে যায়। এই সুযোগে অপরাধীরা যাতে কোনও ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা ও কূটনৈতিক এলাকাতেও থাকবে বিশেষ নজরদারি।
আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
মো. সরওয়ার বলেন, যাদের বাসায় দেখভালের মতো কেউ নেই, তারা প্রয়োজনে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী থানায় নিরাপদে রাখতে পারবেন। প্রয়োজন হলে পুলিশের সহায়তা নিতে কোনও দ্বিধা না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদে বাড়ি ছাড়ার আগে বাসাবাড়ির দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, সিসি ক্যামেরা সচল রাখা এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
এসকাগজ/আরডি



















