কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ককটেল নিক্ষেপ
- Update Time : 05:07:22 am, Sunday, 29 November 2026
- / 69 Time View
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং মিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে অবস্থিত কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বাসভবনের ভেতরে জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনার সময় বাসভবনের নিরাপত্তার দায়িত্বে চারজন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আকস্মিক এ বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একই রাতে জেলার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ধারাবাহিক এসব ঘটনার পর জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এসকাগজ/আরডি














