মেহেরপুরে পুলিশ সুপারের বাংলোসহ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার
- Update Time : 04:49:09 am, Sunday, 29 November 2026
- / 31 Time View
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করে।
উদ্ধার হওয়া স্থানগুলো হলো, পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি স্থান থেকে একটি করে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে। কালো কস্টেপ দিয়ে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগের ভেতরে বস্তুগুলো রাখা ছিল। কে বা কারা এসব বস্তু সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টা ৪৩ মিনিটের দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্থানীয় সংবাদকর্মীদের কাছে একটি বার্তা পাঠানো হয়। ওই বার্তায় মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউসের গেট, পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের গেট ও কমিউনিটি সেন্টারের সামনে শপিং টিস্যু ব্যাগের ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু রাখার কথা জানানো হয়।
বার্তাটি পাওয়ার পর সংবাদকর্মীরা বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত উল্লেখিত স্থানগুলোতে অভিযান চালিয়ে চারটি স্থান থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।
উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসকাগজ/আরডি














