আক্রান্তদের প্রায় ৫০ শতাংশই জানেন না তারা ডায়াবেটিসে ভুগছেন
- Update Time : 11:32:00 am, Monday, 9 November 2026
- / 14 Time View
বাংলাদেশে মারাত্মক আকার ধারণ করছে ডায়াবেটিস। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশই বর্তমানে এ রোগে আক্রান্ত।
প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেকই হয় পূর্ণাঙ্গ ডায়াবেটিস নয়তো প্রি-ডায়াবেটিসের ঝুঁকির মুখে রয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের প্রায় ৫০ শতাংশ মানুষই জানেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন। অথচ সারা বিশ্বের কাছে ডায়াবেটিসের এই ভয়াবহতা তুলে ধরে ২০০৬ সালে জাতিসংঘে ১৪ই নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে পাসের মূল রেজুলেশনটি তুলেছিল বাংলাদেশই।
আন্তর্জাতিকভাবে এমন গৌরব অর্জনকারী দেশে আজও ডায়াবেটিসের জন্য সরকারিভাবে কোনো বিশেষায়িত একক জাতীয় ইনস্টিটিউট গড়ে ওঠেনি।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি (ইডাব্লিউএমজিপিএলসি) কনফারেন্স হলে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস : আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে চিকিৎসা বিশেষজ্ঞরা এসব তথ্য জানান।
বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এই গোলটেবিল বৈঠকে সার্বিক বৈজ্ঞানিক সহযোগিতায় ছিল অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসিইডিবি) এবং পৃষ্ঠপোষকতা করে অপসোনিন ফার্মা লিমিটেড।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক মাহবুব লিটন।
গোলটেবিল বৈঠকে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য তুলে ধরে বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।
এ ছাড়া প্রাপ্তবয়স্কদের প্রায় ৩০ শতাংশ মানুষ প্রি-ডায়াবেটিক অবস্থায় আছেন, যারা যেকোনো সময় পূর্ণাঙ্গ ডায়াবেটিসে রূপ নিতে পারেন। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ২ কোটি ৩০ লাখে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্থূলতার কারণে বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যেও ডায়াবেটিস আশঙ্কাজনক হারে বাড়ছে।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির মূল ভিত্তি হলো রোগ প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রাথমিক প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই।
অন্ধত্ব, কিডনি বিকল (সিকেডি), হৃদরোগ ও ফ্যাটি লিভারের প্রধানতম কারণ এই ডায়াবেটিস। এই ব্যাধি থেকে রক্ষা পেতে হলে দ্রুত ডায়াবেটিস শনাক্তকরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং একটি সরকারি ‘ওয়ান-স্টপ’ বিশেষায়িত ডায়াবেটিস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানে এসিইডিবি প্রেসিডেন্ট এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ফরিদ উদ্দিন বলেন, ২০০৬ সালে বাংলাদেশের প্রস্তাবেই জাতিসংঘ বিশ্ব ডায়াবেটিস দিবসকে স্বীকৃতি দিয়েছিল। এটি আমাদের বড় গৌরব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত দেশে একটি সরকারি জাতীয় ডায়াবেটিস ইনস্টিটিউট গড়ে ওঠেনি।
তিনি বলেন, আবাল বৃদ্ধ বনিতা সবাই আজ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করলে নন-ট্রমাটিক অন্ধত্ব ও পা কাটার প্রধান কারণ হয়ে দাঁড়ায় ডায়াবেটিস। কেবল লাইফস্টাইল পরিবর্তন করে ৫০ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। এজন্য সমন্বিত উদ্যোগ ও বৈজ্ঞানিক চিকিৎসার সুযোগ বাড়াতে হবে।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম বলেন, ডায়াবেটিস আজ জাতীয় সংকট। আন্তর্জাতিক তথ্যমতে দেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ১৩.২ শতাংশ মানুষ এই রোগে ভুগছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ প্রতিদিন সবসময় জনগণের পক্ষে কথা বলে আসছে। ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ নিয়ে জনসচেতনতা তৈরি ও সরকারি নীতি নির্ধারণে সহায়তা করতেই আমাদের এই গোলটেবিল বৈঠকের আয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম বলেন, ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও সঠিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে রোগী সুস্থ থাকতে পারেন। সরকার উপজেলা পর্যায়ে ৫০ শয্যার হাসপাতালকে ১৫১ শয্যায় রূপান্তর করছে এবং সেখানে এনসিডি কর্নারের মাধ্যমে বিনামূল্যে সুগার পরীক্ষা ও ওষুধ সরবরাহ করছে। টেলিমেডিসিন সেবা সম্প্রসারণ এবং প্রান্তিক পর্যায় পর্যন্ত স্ক্রিনিং কার্যক্রম জোরদার করতে সরকার কাজ করে যাচ্ছে।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইও) পরিচালক ডা. সাইদ মেহবুব উল কাদির বলেন, দেশে ডায়াবেটিস আক্রান্তদের প্রায় ৩৩ শতাংশই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভোগেন, যা পরবর্তীতে অন্ধত্বের দিকে নিয়ে যায়। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে লেজার, ডিজিটাল কালার ফন্ডাস ফটোগ্রাফি ও বিনামূল্যে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশনের মাধ্যমে পুরোপুরি অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। এজন্য ডায়াবেটিস ধরা পড়ার সাথে সাথেই রোগীদের রেটিনা ও চোখ পরীক্ষার শক্তিশালী ‘রেফারেল সিস্টেম’ গড়ে তুলতে হবে।
গর্ভকালীন ডায়াবেটিস ও নারী স্বাস্থ্য প্রসঙ্গে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম বলেন, দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী। গর্ভাবস্থায় প্রায় ২৫ শতাংশ নারী কোনো না কোনো ডায়াবেটিসে আক্রান্ত হন, যার ফলে গর্ভপাত, বাচ্চার জন্মগত ত্রুটি ও প্রসূতি মৃত্যুর ঝুঁকি বাড়ে। গর্ভধারণের আগেই ডায়াবেটিস স্ক্রিনিং ও নিয়ন্ত্রণ জরুরি। একই সঙ্গে বাংলাদেশে নারীদের সার্বিক চিকিৎসার জন্য একটি একক ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার’ গড়ে তোলার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান এবং কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুল হোসাইন কর্মক্ষেত্রে শারীরিক নিষ্ক্রিয়তা দূর করা, অফিসে বার্ষিক স্ক্রিনিং চালুকরণ এবং কেবল ঢাকায় নয়, ৬৪ জেলাতেই বিশেষায়িত এন্ডোক্রাইন সেবা ছড়িয়ে দেওয়ার দাবি জানান।
সামাজিক মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন ও অপচিকিৎসা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসাইন বলেন, সোশ্যাল মিডিয়ায় ইনসুলিন বন্ধ করা, ৭ দিনে ডায়াবেটিস মূল উৎপাটন কিংবা চা শরবত খেয়ে ডায়াবেটিস নিরাময়ের যে ভুয়া অপপ্রচার চলছে, তা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএসটিআই বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো বিজ্ঞাপন প্রচার কঠোরভাবে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে।
গোলটেবিল বৈঠকে এসিইডিবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ সরকারের কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
১. ঢাকায় দ্রুত ‘জাতীয় এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম ইনস্টিটিউট’ নির্মাণে নির্ধারিত ৩ একর জমি আনুষ্ঠানিকভাবে বরাদ্দ প্রদান।
২. ৩৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিকের জন্য উপজেলা, জেলা ও কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা।
৩. এনসিডি কর্নারে ইনসুলিন, ওষুধ ও গ্লুকোমিটারের স্ট্রিপের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
৪. প্রতিটি জেলা হাসপাতালে এন্ডোক্রাইনোলজিস্ট পদ সৃষ্টি এবং পুষ্টিবিদ ও ডায়াবেটিস এডুকেটর নিয়োগ।
৫. সোশ্যাল মিডিয়ায় ডায়াবেটিস নিরাময়ের ভুয়া বিজ্ঞাপন ও অপচিকিৎসার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি ও ভোক্তা অধিকারের সমন্বয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ।
৬. চিনিযুক্ত পানীয় ও জাংক ফুডের ওপর অতিরিক্ত কর আরোপ করা এবং খেলার মাঠ ও হাঁটার পথ সংরক্ষণ করা।
৭. গর্ভাবস্থায় স্ক্রিনিং বাধ্যতামূলক করা এবং টাইপ-১ আক্রান্ত শিশুদের বিনামূল্যে ইনসুলিন ও সেবা প্রদান।
৮. প্রকৃত পরিসংখ্যান জানতে একটি নির্ভরযোগ্য ‘জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি’ তৈরি করা।
বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, ডায়াবেটিস প্রতিরোধে এই প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে দেশে জনস্বাস্থ্যের সার্বিক চিত্র বদলে যাবে।





