নারায়ণগঞ্জে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন
- Update Time : 10:54:19 am, Thursday, 26 November 2026
- / 7 Time View
নারায়ণগঞ্জে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবী নামের অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামির উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন।
আদালত সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন ইটভাটা ব্যবসায়ী মোতালেব। পথে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে।
এ ঘটনায় পরদিন ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে আসামিদের গ্রেপ্তার করে। এদের মধ্যে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. নজরুল ইসলাম মাসুম জানান, মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন এবং একজনকে খালাস দিয়েছেন।
রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা। তিনি জানান, এমন নৃশংস হত্যাকাণ্ডে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করেছিলেন তিনি। কাঙ্ক্ষিত ন্যায়বিচার না পাওয়ায় এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।











